যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করতে পারবে স্কয়ার ও বেক্সিমকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি দুই ওষুধ কোম্পানির মানসম্মত পণ্য উৎপাদন প্রক্রিয়া তথা কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসকে (সিজিএমপি) সন্তোষজনক বলেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বা এফডিএ। ফলে দেশটিতে ওষুধ রপ্তানি করতে পারবে এ দুই কোম্পানি।
কোম্পানি দুটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তারা গতকাল মঙ্গলবার আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলতি বছরের ১৯ থেকে ২২ জানুয়ারি গাজীপুরে স্কয়ার ফার্মা ও টঙ্গীতে বেক্সিমকো ফার্মার ওরাল সলিড ডোসেজ (ওএসডি) প্ল্যান্ট পরিদর্শন করে ইউএস এফডিএর একটি প্রতিনিধিদল। এরপর তারা দুই কোম্পানি সম্পর্কে একটি ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ইউএস এফডিএ প্রথমবারের মতো বাংলাদেশের দুই ওষুধ কোম্পানির সিজিএমপি পরীক্ষা করেছে। ওষুধ প্রস্তুতকারকদের উৎপাদন ও মান নিয়ন্ত্রণে সিজিএমপিকে বিশ্বব্যাপীই বিবেচনায় নেওয়া হয়।
বিশ্বে ওষুধের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এফডিএর অনুমোদন ছাড়া সে দেশে ওষুধ রপ্তানি করা যায় না। স্কয়ার ও বেক্সিমকো বিশ্বের প্রায় ৩৫-৪০টি দেশে ওষুধ রপ্তানি করে।
বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, ‘নিয়মনীতি ও গুণগত মানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এফডিএ অত্যন্ত কঠোর। তাই এটি আমাদের জন্য গৌরবজনক খবর।’